বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অনশন
বিশেষ প্রতিনিধি:
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে মমিন মিয়ার সাথে তিশার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মমিন জীবিকার তাগিদে তিশাকে বাড়িতে রেখে সৌদি আরবে চলে যান। স্বামী প্রবাসে থাকার সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই এলাকার সাকিন মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী সিয়াম মিয়ার সাথে তিশার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
দীর্ঘদিনের এই ভার্চুয়াল সম্পর্ক একপর্যায়ে গভীর প্রেমে রূপ নেয়। সম্প্রতি সিয়াম সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে ফেরেন। এরপর সিয়ামের আহ্বানে সাড়া দিয়ে তিশা তার সংসার ছেড়ে গত বুধবার রাতে সিয়ামের বাড়িতে চলে যান। তবে তিশা উপস্থিত হলে সিয়াম তাকে রেখে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর থেকেই বিয়ের দাবিতে তিশা সিয়ামের বাড়িতে অনশন শুরু করেন। ঘটনাটি প্রথমে পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও গত বৃহস্পতিবার রাতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে মমিন মিয়ার মা বলেন, “যে মেয়ে সন্তান ও সংসার ফেলে প্রেমিকের কাছে চলে গেছে, তার প্রতি আমাদের আর কোনো অধিকার বা সহানুভূতি নেই। আমরা তাকে আর ঘরে তুলব না।”
ঘটনার পর থেকে সিয়াম ও তার বাবা সাকিন মিয়া আত্মগোপনে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি সিয়ামের মা-ও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. চান মিয়া বলেন, “এ ঘটনায় এলাকার সম্মান ক্ষুণ্ন হচ্ছে। মেয়েটি দুই দিন ধরে অনশনে রয়েছে। আমরা সিয়ামের সাথে তিশার বিয়ে দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কিন্তু সিয়াম তো পালিয়ে আছে, তাকে ছাড়া কীভাবে সমাধান করব?”
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Comments
Post a Comment